Top News

বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ সোমবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়েছবি: বিএনপির সৌজন্যে

আজ সোমবার দুপুরে সংসদে দুই নেতার এ সাক্ষাৎ হয়। পরে বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বাক্ষাতের ছবিসহ ‘প্রধানমন্ত্রীর সৌজন্যতা, বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়েছে। ছবিতে দুই নেতার সঙ্গে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দেখা যায়।

পোস্টে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার দুপুরে তাঁর সংসদ সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তাঁর কার্যালয়ে স্বাগত জানান। আলাপ শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তাঁর সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই সৌজন্যতা ও শিষ্টাচার দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন।

বিএনপির মিডিয়া সেলের পেজে প্রকাশিত ওই পোস্টে বলা হয়, আজ দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজার নামাজ পাশাপাশি দাঁড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। গত শনিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান দিলারা হাফিজ। তিনি একসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে জানানো হয়, দিলারা হাফিজের জানাজা শেষে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান।

দুই নেতা প্রায় ২০ মিনিট কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান (রুমন)। তিনি বলেন, সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তাঁর কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন।

আতিকুর রহমান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সৌজন্যতা দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। আজ প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তাঁর কার্যালয়ের দিকে এগিয়ে দিয়ে তাঁর স্বাভাবিক সৌজন্যের বহিঃপ্রকাশ ঘটালেন।’


Post a Comment

Previous Post Next Post